
দ্বাদশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে পাকিস্তান। রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। জবাবে মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। ফলে ১৯১ রানের দাপুটে জয় পায় পাকিস্তান।
পাকিস্তানের এই বড় স্কোরের মূল কারিগর ছিলেন সামির মিনহাস। তিনি মাত্র ১১৩ বলে ১৭টি চার ও ৯টি ছক্কায় করেন দুর্দান্ত ১৭২ রান। এ ছাড়া আহমেদ হুসাইন ৭২ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ভারতের হয়ে দিপেশ দেবেন্দ্র ৮৩ রান দিয়ে ৩টি উইকেট নেন।
এর আগে গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে ১৭৭ রান করা মিনহাস ফাইনালেও ছিলেন আরও বেশি আগ্রাসী। এদিন তিনি ১৫২.২১ স্ট্রাইক রেটে রান করেন।
লক্ষ্য তাড়ায় পাকিস্তানের বোলাররা ছিল দুর্দান্ত। আলী রাজা ৪২ রানে ৪টি, মোহাম্মাদ সাইয়াম ২টি, আব্দুল সুবহান ২টি এবং হুজাইফার আহসান ২ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।
যুব এশিয়া কাপে সবচেয়ে বেশি আটবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তান দুবার করে এবং আফগানিস্তান একবার শিরোপা জিতেছে। ২০১২ সালে ভারত ও পাকিস্তান যৌথ চ্যাম্পিয়ন হলেও এবারই প্রথম এককভাবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের স্বাদ পেল পাকিস্তান।
তথ্যসূত্র: বণিক বার্তা



