ক্রিকেট
প্রধান খবর

ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ বিসিবির

ভারতের মাঠে ম্যাচ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার সিলেটে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হতে যাচ্ছে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে এবং একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার সূচি নির্ধারিত ছিল।

তবে সম্প্রতি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পাল্টে যায়। শনিবার রাতে বিষয়টি নিয়ে বিসিবি পরিচালকদের একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। তখন অধিকাংশ পরিচালক কঠোর কোনো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দেন।

পরবর্তীতে সরকারের হস্তক্ষেপে বিসিবির অবস্থান বদলে যায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবিকে নির্দেশ দেন, যেন ভারতের মাটি থেকে বাংলাদেশের ম্যাচ সরাতে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। ওই নির্দেশনার পর বিসিবি আইসিসিকে ই-মেইলের মাধ্যমে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বাংলাদেশ দলের ম্যাচ খেলা সম্ভব নয়

আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি উল্লেখ করে, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো নিরাপদ নয়। বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কেকেআর মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে বাধ্য হওয়ার ঘটনাটি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন,
‘যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও খেলার নিশ্চয়তা নেই, সেখানে গোটা দল কখনোই নিজেকে নিরাপদ মনে করতে পারে না।’

ক্রীড়া উপদেষ্টার এই বক্তব্য ও নির্দেশনার পরই বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button