
রাজশাহী ও বগুড়ায় একযোগে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে আসর। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম-এ প্রথম দিনে ইস্ট জোনের বিপক্ষে ব্যাট করে আকবর আলীর দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৩৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে নর্থ জোন।
সকালে ইস্ট জোন টসে জিতে নর্থ জোনকে ব্যাট করতে পাঠায়। দলীয় ২০ রানে ওপেনার হাবিবুর রহমান সোহান ফিরে গেলেও আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলকে শক্ত ভিত এনে দেন।
দলীয় ১০২ রানে ৫৪ রান করে তানজিদ বিদায় নেন। এরপর অল্প সময়ের ব্যবধানে লিটন দাস ও তাওহিদ হৃদয় ফিরে গেলে চাপে পড়ে নর্থ জোন।
এ সময় ক্রিজে এসে আকবর আলী অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। শান্ত ৬৮ রান করে আউট হলেও আকবর খেলেন ঝড়ো ইনিংস।
টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে ৮১ বলে ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি তুলে নেন আকবর। শেষ পর্যন্ত ১১১ রান করে মোহাম্মদ সাইফুদ্দিন এর বলে এলবিডব্লিউ হওয়ার আগে দলের স্কোর তিনশ’ ছাড়িয়ে যায়। নির্ধারিত ওভারে নর্থ জোনের ইনিংস থামে ৩৩৫ রানে।
ইস্ট জোনের পক্ষে খালেদ আহমেদ ৪টি উইকেট নেন। এছাড়া হাসান মাহমুদ ও সাইফুদ্দিন ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে সকালে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উভয় দলে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। এখনো দলে দলে দর্শক মাঠে প্রবেশ করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিসিএলের ম্যাচ দেখার জন্য কোনো টিকিটের ব্যবস্থা রাখা হয়নি।



