ক্রিকেট
প্রধান খবর

বগুড়ায় বিসিএলের উদ্বোধনী ম্যাচে নর্থ জোনের দাপুটে জয়

বগুড়ায় শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে তারকায় ভরা নর্থ জোন ৫৪ রানের দাপুটে জয় তুলে নিয়েছে ইস্ট জোনের বিপক্ষে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এ আগে ব্যাট করে নর্থ জোন তোলে ৩৩৫ রান। জবাবে ৩৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে ২৮১ রানে অলআউট হয় ইস্ট জোন। ম্যাচসেরা হয়েছেন আকবর আলী।

টসে জিতে ইস্ট জোন বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। দলীয় ২০ রানে হাবিবুর রহমান সোহান আউট হলেও তানজিদ হাসান তামিম (৫৪) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৬৮) দলকে এগিয়ে নেন।

লিটন দাস ও তাওহিদ হৃদয় দ্রুত ফিরলে চাপে পড়ে নর্থ জোন। তবে শান্তর সঙ্গে ১২০ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আকবর আলী।

৮১ বলে ৮ চার ও ৫ ছক্কায় টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন আকবর। শেষ পর্যন্ত ১১১ রান করে মোহাম্মদ সাইফুদ্দিন এর বলে এলবিডব্লিউ হওয়ার আগে দলকে তিনশ’র ওপরে নিয়ে যান তিনি।

ইস্ট জোনের হয়ে খালেদ আহমেদ নেন ৪ উইকেট। হাসান মাহমুদ ও সাইফুদ্দিন শিকার করেন ২টি করে উইকেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার জাকিরকে হারায় ইস্ট জোন। ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।

এ সময় হাল ধরেন মমিনুল হক (৮২) ও অধিনায়ক ইয়াছির আলী রাব্বী (৪২)। তাদের জুটিতে দল পৌঁছে যায় ১৪০ রানে।

দলীয় ২৩৬ রানে নবম উইকেট পতনের পর লেগ স্পিনার নাঈম হাসান ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ৪৩ বলে ৭ বাউন্ডারিতে তুলে নেন ফিফটি। শেষ ব্যাটার হাসান মাহমুদকে নিয়ে ৪৫ রানের জুটি গড়লেও শেষ রক্ষা হয়নি। ২৮১ রানে থামে ইস্ট জোনের ইনিংস।

নর্থ জোনের হয়ে রিশাদ হোসেন ৪টি উইকেট নেন। নাহিদ রানা ও মেহেরব ২টি করে এবং শরিফুল ও সাকলাইন ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে সকালে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় দলের তারকাদের উপস্থিতিতে মাঠে ছিল উপচে পড়া দর্শক।

বগুড়ায় বিসিএলের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। সেদিন ইস্ট জোনের প্রতিপক্ষ সেন্ট্রাল জোন।

এই বিভাগের অন্য খবর

Back to top button