ক্রিকেট
প্রধান খবর

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে কখনো জয় পাওয়া হয়নি বাংলাদেশের। এবার সেই আক্ষেপ ঘুচলো।

বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমিয়ে ৪২ ওভারে নামিয়ে আনা হয়। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে সফরকারীরা। পরে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয় ৪১ ওভারে ১৯২ রান।

অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই আঘাত হানে বাংলাদেশের বোলাররা। প্রথম ওভারেই ওপেনার ম্যাথিউ শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে কুপার কনোলি ও ম্যাট রেনশকে ফিরিয়ে জোড়া আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। মাত্র শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে অজিরা।

এরপর অধিনায়ক জশ ইংলিশ ৩৪ রান করে তানভীর ইসলামের শিকার হন। ক্যামেরন গ্রিনও ফেরেন ২৫ রান করে। তবে মার্নাস লাবুশেন ও জাভিয়ের বারলেটের শতরানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন বারলেট। শেষ পর্যন্ত ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তুলতে সক্ষম হয় তারা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দুজনেই ৪২ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। লিটন দাস ফেরেন ২১ রান করে, আর মোসাদ্দেক হোসেন করেন ১৫ রান।

তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন তাওহীদ হৃদয়। তিনি অপরাজিত ৪০ রান করেন। সঙ্গে মেহেদী হাসান মিরাজ-এর ২২ রানের কার্যকর ইনিংসে ভর করে ৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। আগামী রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button