
২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান কি তবে এবারই হতে যাচ্ছে? এমিরেটস স্টেডিয়ামে আজ রাতে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেই আশার পালে নতুন করে হাওয়া দিল আর্সেনাল। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল মিকেল আরতেতার দল।
ঘরের মাঠে শুরু থেকেই একের পর এক আক্রমণ চালালেও সান্ডারল্যান্ডের সংগঠিত রক্ষণ ভাঙতে বেশ ঘাম ঝরাতে হয় গানারদের। অবশেষে বিরতির ঠিক আগ মুহূর্তে ম্যাচের ডেডলক ভাঙেন মার্তিন জুবিমেন্দি। ডি-বক্সের বাইরে থেকে স্প্যানিশ মিডফিল্ডারের নেওয়া নিখুঁত শট পোস্টে লেগে জালে জড়ায়। ইংলিশ ফুটবলে নিজের অভিষেক মৌসুমে এটি জুবিমেন্দির ষষ্ঠ গোল।
দ্বিতীয়ার্ধে দৃশ্যপটে আসেন ভিক্টর ইয়োকেরেস। স্পোর্টিং লিসবন থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকেই ফর্ম নিয়ে সমালোচনার মুখে ছিলেন সুইডিশ এই স্ট্রাইকার। তবে আজ জোড়া গোল করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। ৬৫ মিনিটে কাই হাভার্টজের পাস থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োকেরেস। এরপর যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পাসে ফাঁকা জালে বল পাঠিয়ে আর্সেনালের বড় জয় নিশ্চিত করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি ইয়োকেরেসের ১৩তম গোল।
এই হারে সান্ডারল্যান্ডের ইউরোপিয়ান ফুটবলে খেলার স্বপ্নে কিছুটা হলেও ধাক্কা লেগেছে। তবে প্রিমিয়ার লিগে ফেরার প্রথম মৌসুমেই অষ্টম স্থানে থাকা রেগিস ল্য ব্রিসের দল প্রথমার্ধে এমিরেটসে যথেষ্ট লড়াই করেছে।
এদিকে, আগামীকাল অ্যানফিল্ডে যদি ম্যানচেস্টার সিটি লিভারপুলকে হারাতে পারে, তবে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান আবার ৬ পয়েন্টে নেমে আসবে। তবে ২০০৩ সালের পর দর্শকপূর্ণ অ্যানফিল্ডে সিটির জয়ের কোনো রেকর্ড নেই-যা আর্সেনাল সমর্থকদের আশাবাদী হওয়ার আরও একটি কারণ।
তথ্যসূত্র: প্রথম আলো



