
আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন হোর্হে মেসি। ইনফোবের তথ্য অনুযায়ী, লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি গত রাতে রোজারিওর একটি ক্লিনিকে মারা গেছেন।
হোর্হে মেসিকে লিওনেল মেসির ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। মেসির ফুটবলের শুরুর দিনগুলো থেকে শুরু করে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার পুরো যাত্রায় তিনি ছেলের পাশে ছিলেন।
মেসির এজেন্ট হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন হোর্হে। ছেলের হয়ে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ও চুক্তির বিষয়গুলো দেখভাল করতেন তিনি। পাশাপাশি মেসির ব্যবসায়িক কার্যক্রম গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে মাঠের বাইরের অন্যতম প্রধান সহযোগী ছিলেন হোর্হে মেসি। তাঁর মৃত্যুতে ফুটবলবিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।
তথ্যসূত্র: কালের খন্ঠ

