
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। পঞ্চম শটে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।
শুক্রবার মালদ্বীপের মালে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র করে বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় ছাড়াই ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়ায়।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের দাপট বেশি দেখা গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে থেকেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি ভারতীয়রা।
অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করে। বিশেষ করে আমেরিকান বংশোদ্ভূত ফরোয়ার্ড রোনান সুলিভানকে কড়া নজরে রেখেছিল ভারতীয় ডিফেন্স। তবুও তিনি কয়েকটি শট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রোনানের ভাই ডেকলান সুলিভানকে মাঠে নামানো হয়। তিনি ডান প্রান্ত দিয়ে একাধিক আক্রমণ গড়ে তোলেন। ম্যাচের শেষদিকে ডেকলানের বাড়ানো বল পেয়ে রোনান শট নিলেও ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসে সেটি রুখে দেন।
ম্যাচজুড়ে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের গোলরক্ষক মাহিনও কয়েকবার পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও বড় কোনো বিপদ হয়নি।
শুক্রবার ছুটির দিনে মালের স্টেডিয়ামে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা গ্যালারি থেকে দলকে জোরালো সমর্থন দেন। একই গ্রুপে থাকার কারণে দুই দলই একে অপরের কৌশল সম্পর্কে বেশ পরিচিত ছিল, যা ম্যাচটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।
শেষ পর্যন্ত টাইব্রেকারে স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তোলে বাংলাদেশ।
সূত্র: ইত্তেফাক



