ফুটবল
প্রধান খবর

স্পেন-ফ্রান্সকে পেছনে ফেলে শীর্ষে মেসির আর্জেন্টিনা

স্পেন ও ফ্রান্সের মতো ফুটবল পরাশক্তিকে পেছনে ফেলে ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। প্রায় এক বছর পর বিশ্বের এক নম্বর দলের মর্যাদা ফিরে পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ সময় শীর্ষস্থান ধরে রাখলেও ২০২৫ সালের জুলাইয়ে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থান হারায় লিওনেল মেসির দল। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ড ও হন্ডুরাসের বিপক্ষে টানা জয় তাদের আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরতে সহায়তা করেছে।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিন নম্বর থেকে এক নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। অন্যদিকে, প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কায় শীর্ষস্থান হারিয়েছে ফ্রান্স। উত্তর আয়ারল্যান্ডকে হারালেও এক নম্বর থেকে দুই ধাপ পিছিয়ে এখন তারা রয়েছে তৃতীয় স্থানে।

ছবি: ফিফা

এদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন নিজেদের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা বাকি দুই দলও অপরিবর্তিত রয়েছে। ইংল্যান্ড আছে চতুর্থ স্থানে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল রয়েছে পঞ্চম স্থানে।

বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করায় আর্জেন্টিনা শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগ হয়েছে। কোচ লিওনেল স্কালোনির দল এবার বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা ধরে রাখার লক্ষ্য নিয়েই বিশ্বমঞ্চে নামবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button