
২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের জাতীয় ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার ডিয়েগো ফোরলান।
উরুগুয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী বছরের মার্চ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৭ বছর বয়সী ফোরলান। একই সঙ্গে উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলকেও তত্ত্বাবধান করবেন তিনি।
ফোরলানের কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০২০ সালে উরুগুয়ের শীর্ষ লিগের ক্লাব পেনারোলের দায়িত্ব নেওয়ার মাধ্যমে। পরের বছর তিনি এতেনাস ক্লাবের কোচ হিসেবেও কাজ করেন।
যদিও কোচ হিসেবে তার অভিজ্ঞতা সীমিত, তবে খেলোয়াড়ি জীবন ছিল অত্যন্ত সফল। ২০০২ সালে উরুগুয়ের জার্সিতে অভিষেক হওয়ার পর জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে ৩৬টি গোল করেন তিনি। ২০১১ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত কোপা আমেরিকায় উরুগুয়েকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’ জেতেন ফোরলান। ওই আসরে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
ক্লাব ফুটবলেও ছিল তার সমৃদ্ধ ক্যারিয়ার। ইউরোপের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইন্টার মিলান-এর হয়ে দীর্ঘ সময় খেলেছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।