
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভান্ডারবাড়ী গ্রামের যমুনা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।
পুলিশ জানায়, নদীতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি উজান থেকে যমুনা নদীর স্রোতে ভেসে এসেছে। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং তার মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
তিনি আরও জানান, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটির বয়স নির্ধারণ করা কঠিন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মধ্যবয়সী হতে পারেন।
উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।