সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ কমপ্লিট শাটডাউন

প্রকৌশল অধিকার আন্দোলনের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। ফলে কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় আন্দোলনের নেতা জুবায়ের আহমেদ এ ঘোষণা দেন। এর পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
দিনে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে এম ওয়ালীউল্লাহ জানান, বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা হবে। তিনি বলেন, “জনদুর্ভোগের কথা ভেবে মাঠের কর্মসূচিতে যাচ্ছি না।”
তবে পরে জুবায়ের আহমেদ নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, “আগামীকাল দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কার্যকর হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
সূত্র: ইত্তেফাক


