আবহাওয়া
প্রধান খবর

জানুয়ারিতে দেশে বয়ে যেতে পারে ৫টি শৈত্যপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর

চলতি জানুয়ারি মাসে দেশের ওপর ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ জলবায়ু বার্তায় বলা হয়েছে, এ মাসে ২–৩টি মৃদু থেকে মাঝারি এবং ১–২টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস, মাঝারি শৈত্যপ্রবাহে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

শৈত্যপ্রবাহের প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বিশেষ করে তীব্র শৈত্যপ্রবাহ চলাকালে শরীরে শীতের অনুভূতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

জলবায়ু বার্তায় আরও বলা হয়েছে, জানুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই। পাশাপাশি দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button