আবহাওয়া
প্রধান খবর

আরও দুই দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

২০ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬.৯ ডিগ্রি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলার পাশাপাশি নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই চার জেলাসহ মোট ২০ জেলার ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন,
‘রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও শৈত্যপ্রবাহ বিরাজ করছে।’

তিনি আরও জানান, জানুয়ারি মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় শৈত্যপ্রবাহের বিস্তৃতি কিছুটা কম-বেশি হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। সেদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৭ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার (৭ জানুয়ারি) নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচিত।

আবহাওয়ার সিনপটিক অবস্থা

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আগামী ১০ জানুয়ারির দিকে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এই নিম্নচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করায় উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button