আবহাওয়াপ্রধান খবর

গত দুই দশকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

শুক্রবার দুপুর ২টার দিকে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর বিকেল ৩টার দিকেও একই তাপমাত্রা ছিল।

রাজশাহী আবহাওয়া অফিস জানান, কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র বলছে, গত দুই দশকের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। ২০০০ সালে এই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এরপর ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত সাত বছরে তাপমাত্রার পারদ থেকেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসের নিচেই।

জানা গেছে, দেশে তাপমাত্রার রেকর্ড শুরু হয় ১৯৪৯ সাল থেকে। এরমধ্যে রাজশাহীতে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭২ সালের ১৮ মে রেকর্ড হওয়া এই তাপমাত্রা দেশের ইতিহাসেও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৯ মার্চ রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

রাজশাহী আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি এপ্রিলে রাজশাহীতে অন্তত একটি তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছিল ঢাকা আবহাওয়া দপ্তর। এ ছাড়া অন্তত ২টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবার আভাস ছিল।

এপ্রিলে সাধারণত রাজশাহীতে ৮২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। এবার ৭৫ থেকে ৯৫ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে অন্তত এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button