
খুলনার রেলওয়ে পুলিশ লাইনে কর্মরত অবস্থায় সম্রাট বিশ্বাস (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের নিজের ইস্যুকৃত অস্ত্রের গুলিতে মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোরে রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার এলাকায় ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।
নিহত সম্রাট বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। তাঁর বাবা শৈলেন বিশ্বাস। সম্রাটের স্ত্রী পূজা বিশ্বাসও একজন পুলিশ সদস্য এবং বর্তমানে সাতক্ষীরা জেলায় কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে খুলনা রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগারে (ম্যাগাজিন গার্ড) দায়িত্ব পালন করছিলেন সম্রাট। এ সময় তিনি নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে খুলনা রেলওয়ের সিনিয়র রেলওয়ে পুলিশ (এসআরপি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিভিন্ন কারণে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন, যদিও সহকর্মীদের কাছে এ বিষয়ে আগে কিছু জানাননি।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
তথ্যসূত্র: টিবিএস নিউজ



