সারাদেশ
টয়লেটে পড়ে যাওয়া মোবাইল তুলতে গিয়ে যুবকের মৃত্যু

টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে কামরুল হক (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত কামরুল হক হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী গ্রামের আবুল হোসেনের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আজ শুক্রবার সকালে কামরুল হক প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে তার নিজের কাঁচা টয়লেটে যান। একপর্যায়ে তার মোবাইল ফোনটি টয়লেটে পড়ে যায়। এসময় তিনি ফোনটি ধরতে গেলে মাথা নিচের দিকে ও পা উপরের দিকে হয়ে টয়লেট পড়ে যান এবং মলের গ্যাসে সঙ্গে সঙ্গে মারা যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আনোয়ার হাসান আনু মিয়া।
