
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বগুড়ার বিভিন্ন তেলের পাম্পে পেট্রোল সংকট দেখা দিয়েছে। সরবরাহ স্বাভাবিক না হলে রবিবারের মধ্যে অনেক পাম্পে পেট্রোল শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শহরের বিভিন্ন তেলের পাম্প ঘুরে দেখা যায়, মোটরসাইকেল চালকরা প্রয়োজন মতো পেট্রোল পাচ্ছেন না। কোথাও ১০০ থেকে ৩০০ টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না। ফলে ভোর থেকেই পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
পাম্প সংশ্লিষ্টরা জানান, নতুন করে পর্যাপ্ত পেট্রোল সরবরাহ না পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কবে নাগাদ সংকট দূর হবে সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
অন্যদিকে চালকরা জানান, এক পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ায় অনেককে একাধিক পাম্পে ঘুরে ২ থেকে ৩ বার পেট্রোল নিতে হচ্ছে।
এভাবে পরিস্থিতি অব্যাহত থাকলে কিছু পাম্প সাময়িকভাবে বন্ধ রাখার আশঙ্কা রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনা এবং জ্বালানি ব্যবহারে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।



