বগুড়ায় শাসন করায় রাস্তায় শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র, স্কুল থেকে বহিষ্কার

বগুড়ায় স্কুলে শাসন করায় ছুটির পর রাস্তায় গাছের ডাল দিয়ে শরীরচর্চা শিক্ষককে পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এতে শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক। অভিযুক্ত শিক্ষার্থী একই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে এপিবিএনের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল ওই শিক্ষার্থী। শিক্ষক সেখানে পৌঁছালে তাকে থামতে বলে। তিনি থামার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই গাছের ডাল দিয়ে তাঁর মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় শিক্ষার্থী।
অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর আঘাতে শিক্ষক রায়হান ইসলামের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তাঁর ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।
অধ্যক্ষ আরও জানান, মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



