
জেলা প্রশাসনের সভাকক্ষে বগুড়া জেলা টাস্কফোর্স কমিটির সভা।
নিজস্ব প্রতিবেদক: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে বগুড়া জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এ মাছের উৎপাদন টিকিয়ে রাখতে হলে মা ইলিশ রক্ষা করা অত্যন্ত জরুরি। সরকারের নির্দেশনা অনুযায়ী ৪-২৫ অক্টোবর মোট ২২ দিন ( প্রজনন মৌসুম) ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও নদীপথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা এবং সাধারণ জনগণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচারণা চালানো হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
বক্তারা আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগ নয়, জনগণের সহযোগিতা ছাড়া মা ইলিশ রক্ষা করা সম্ভব নয়। তাই জনসচেতনতা বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে তারা অবৈধভাবে মাছ ধরতে উৎসাহিত হবে না।
সভায় জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, “ইলিশ আমাদের গর্বের সম্পদ। সরকার ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ তৎপরতা অবলম্বন করবে।”



