বগুড়ায় ইউএনও’র বিরুদ্ধে নৈশ প্রহরীকে মারধরের অভিযোগ

বগুড়ায় আলমগীর হোসেন শেখ(৪৫) নামের এক নৈশ প্রহরীকে পেটানোর অভিযোগ উঠেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের বিরুদ্ধে।
আহত আলমগীর সদর উপজেলায় এলজিডি অফিসের নৈশ্যপ্রহরী হিসেবে কর্মরত। তার বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার চক শিয়ালকোল এলাকার মৃত মেহের আলীর ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনও অফিসেই এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলমগীর উপজেলা পরিষদের তিনতলায় সরকারি কোয়ার্টারে থাকেন। তার স্ত্রী সিরাজগঞ্জে থাকেন। কিন্তু তিনি বগুড়ায় থাকায় তার স্ত্রীও তার সাথে থাকতে চান এবং দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিতে বলেন। এ নিয়ে তার স্ত্রী কয়েক দফা আলমগীরের বিরুদ্ধে এলজিডি অফিসের ইঞ্জিনিয়ার বরাবর অভিযোগ দেন। সেই অভিযোগের সঠিক জবাব দেন আলমগীর। এবং তার স্ত্রীকে নিয়ে থাকার জন্য আলাদ রুম চেয়ে আবেদনও করেন তিনি।
পরে বুধবার(২১ সেপ্টেম্বর) ইউএনও সমর কুমার পালের কাছে আবারো অভিযোগ করেন আলমগীরের স্ত্রী। সেই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনও আলমগীরকে তার অফিসে ডেকে নেন। সেখানে দুই আনসারের সহায়তায় ইউএনও আলমগীরকে বেধরক মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাকে অফিস থেকে এক অটোচালকের সহায়তায় উপজেলা পরিষদের বাইরে ফেলে আসেন দুই আনসার সদস্য।
আলমগীরের মেয়ে লোপা খাতুন বলেন, ‘বাবার বিরুদ্ধে আমার মা কোন অভিযোগই দেন নি। মিথ্যা অভিযোগে আমার বাবাকে মারধর করা হয়েছে। আমরা এর সঠিক বিচারে অভিযোগ করবো।’
এ ঘটনায় আহত আলমগীর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। সেখানকার জরুরী বিভাগে দায়িত্ব থাকা চিকিৎসক জানান, এক্স রে রিপোর্ট অনুযায়ী আলমগীরের বাম হাত এবং ২টা আংগুলও ভেঙে গেছে।
এদিকে ইউএনও সমর কুমার পালের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেন নি।
এসএ




