ধুনটে অটোরিকশা-বালুবাহী ট্রাকের সংঘর্ষ: এক নারী নিহত

বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী এক নারী নিহত হয়েছেন।
নিহত বুলবুলি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের আজগর আলীর মেয়ে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট-গোসাইবাড়ী সড়কের চান্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুলবুলি বেগম সকালে টিসিবির পণ্য কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ব্যাটারিচালিত অটোরিকশা যোগে ধুনট শহরের দিকে রওনা হন। পথিমধ্যে বালুবাহী একটি ট্রাক সামনের দিক থেকে ধাক্কা দেয় অটোরিকশাটিকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বুলবুলির।
এ ঘটনায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ কারণে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার মৃতদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ



