ধুনট উপজেলা

ধর্ষণ মামলা দায়েরের পর বিয়ে, অতঃপর গ্রেপ্তার আসামি স্বামী

বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামি দুলু প্রামানিক (৪০) উপজেলার আনারপুর দহপাড়ার সিদ্দিক হোসেনের ছেলে।

বুধবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ জুন রাতে প্রতিবেশী তালাকপ্রাপ্ত এক নারীর ঘরে রাত ১১টার দিকে দুলু প্রামানিক প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। পরদিন ওই নারী বাদী হয়ে দুলু প্রামানিকের বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ দুলুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ অবস্থায় বাদীর সঙ্গে বিয়ের শর্তে আপস করে প্রায় ৯ মাস পর বগুড়া আদালত থেকে জামিন নেন দুলু। বাড়িতে ফিরে তারা বিয়ে করে বর্তমানে সংসার করছেন।

এদিকে মামলাটি তদন্ত সাপেক্ষে ধুনট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম আসামি দুলুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির ৯ জুন আসামি দুলু প্রামানিকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলু প্রামানিককে গ্রেপ্তার করে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button