
দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) প্রথম পর্যায়ে এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির বিষয়ে সম্মতি চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কত আবেদন, কোন স্তরের প্রতিষ্ঠান
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫’ অনুযায়ী আবেদন আহ্বান করা হলে মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়ে।
এর মধ্যে-
- নিম্নমাধ্যমিক পর্যায়: ৮৫৯টি
- মাধ্যমিক পর্যায়: ১,১৭০টি
- উচ্চ মাধ্যমিক পর্যায়: ৬৮৭টি
- স্নাতক (পাস): ৪৪০টি
- স্নাতক (সম্মান): ৪১৪টি
- স্নাতকোত্তর পর্যায়: ৪৫টি প্রতিষ্ঠান
কীভাবে বাছাই করা হলো ১,৭১৯টি প্রতিষ্ঠান
শিক্ষা মন্ত্রণালয় জানায়, নীতিমালায় নির্ধারিত মাপকাঠি, আঞ্চলিক সাম্য এবং গ্রেডিংয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে প্রথম পর্যায়ে এমপিওভুক্তির জন্য বিবেচনাযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
যাচাই-বাছাই ও তদন্ত
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আবেদনের সঙ্গে দাখিল করা তথ্যাদি-
- ভূমি মন্ত্রণালয়
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
- সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ডাটাবেজ
এর মাধ্যমে যাচাই করা হবে। প্রয়োজনে সরেজমিন তদন্তও করা হবে।
স্বচ্ছ প্রক্রিয়া ও অনৈতিক তৎপরতা ঠেকাতে সতর্কতা
মন্ত্রণালয় জানায়, এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যাতে কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনৈতিক যোগাযোগের চেষ্টা করলে বা এ সংক্রান্ত অভিযোগ থাকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে
(+৮৮০১৩৩৯-৭৭৪৫২৮) খুদে বার্তার মাধ্যমে জানাতে অনুরোধ করা হয়েছে।
পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত হবে
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালার আলোকে যোগ্যতা, প্রতিষ্ঠানের ঘনত্ব এবং সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানকেও এমপিওভুক্ত করা হবে।
একই সঙ্গে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার না করে শিক্ষা ব্যবস্থাপনার এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়নে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।



