
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠানো হয়েছে। বিষয়টি ‘অতীব জরুরি’ বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের পরিপত্রে দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
চিঠিতে আরও সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন। এ ক্ষেত্রে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: যুগান্তর



