
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে অর্ধশিক্ষিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, বরং শিক্ষাক্ষেত্রে যাদের বাস্তব অবদান রয়েছে, তাদের নিয়েই কমিটি গঠনের চিন্তাভাবনা চলছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কচুয়া-তে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না। এ বিষয়ে যে তথ্য প্রচার হয়েছে, তা অসম্পূর্ণ ও বিকৃত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “সারা দেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সারা দেশে তা ছড়িয়ে দেওয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে।”
শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, পুরনো পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিবর্তে নতুন ও যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: বণিক বার্তা



