শিক্ষা
প্রধান খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা শনিবার, অংশ নিচ্ছে ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সারা দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হবে।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৩১টি বিষয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ শিক্ষার্থী।

দেশের ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে-

  • ৩৭৫টি সরকারি কলেজে আসনসংখ্যা ২ লাখ ৭০ হাজার ৫২০টি
  • ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি

আবেদনের তথ্য অনুযায়ী-

  • সরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজার ২২৯টি
  • বেসরকারি কলেজে আবেদন করেছেন ৫৮ হাজার ৯১৯ জন শিক্ষার্থী

বিভাগভিত্তিক কেন্দ্র সংখ্যা

উপাচার্য জানান, ১৩৮টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ১৮টি কেন্দ্র। এছাড়া-

  • ঢাকা বিভাগে ২৭টি
  • বরিশাল বিভাগে ১৩টি
  • চট্টগ্রাম বিভাগে ২৩টি
  • খুলনা বিভাগে ১৮টি
  • রাজশাহী বিভাগে ১৭টি
  • রংপুর বিভাগে ১৩টি
  • সিলেট বিভাগে ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button