
আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষ দিকে আয়োজন করা হবে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৩ মে) বিকেলে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনলজির (আইইউটি)-তে আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছরে করোনা মহামারিসহ বিভিন্ন কারণে দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট তৈরি হয়েছে। সেটিকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং পাঠদান কার্যক্রমকে সুশৃঙ্খল রাখতে সরকার বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আগামী বছরগুলোতে সেশনজট পুরোপুরি নিরসন করে পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে আয়োজনের লক্ষ্য নিয়েও কাজ চলছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, “শিক্ষা মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন অতিরিক্ত দুই বছর ঝরে না পড়ে, সে জন্য আমরা ধীরে ধীরে সবকিছু সমন্বয় করছি।”
তিনি জানান, সেশনজট পুরোপুরি বন্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রমও নিয়মিত করা হবে।
অনুষ্ঠানে আইইউটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর হিসাইন আরবী নুরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪




