
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করেছে সরকার। যোগদান শেষে পদায়ন সম্পন্ন করে তাদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে।
শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সন্ধ্যায় মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত কারণে নিয়োগে বিলম্ব হয়েছে। তবে আগামী ২৯ অক্টোবর তাদের যোগদান সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
গত ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও সনদ যাচাই সম্পন্ন হয়। এরপর সরকার পুলিশ ভেরিফিকেশনের সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত হয়নি।
এদিকে অবিলম্বে পদায়নের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা।
শনিবার আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত ফল প্রকাশের ১৭৫ দিন পার হলেও এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। গত ২৯ জুলাইয়ের মধ্যে যোগদানের প্রজ্ঞাপন জারির দাবি জানানো হলেও নির্ধারিত সময়ে তা জারি হয়নি।
এ কারণে আগামীকাল রোববার (২ আগস্ট) থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা
