শিক্ষা
প্রধান খবর

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান এগিয়ে আনা হলো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগে ২৯ অক্টোবর যোগদানের কথা জানানো হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর ২০২৬ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।

রোববার (২ আগস্ট) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর শূন্য পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।

এতে আরও বলা হয়, নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর তাদের পদায়ন করা হবে এবং পরবর্তী সময়ে পেশাগত প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

এর আগে শনিবার (১ আগস্ট) শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানিয়েছিলেন, তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত কারণে নিয়োগে বিলম্ব হওয়ায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ২৯ অক্টোবর যোগদান করবেন। তবে একদিনের ব্যবধানে মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি জারি করে যোগদানের তারিখ ১ অক্টোবর নির্ধারণ করেছে।

উল্লেখ্য, পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও সনদ যাচাই সম্পন্ন হয়। এরপর পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হলেও দীর্ঘদিন নিয়োগ কার্যক্রম চূড়ান্ত হয়নি।

এর আগে নিয়োগপত্র ও পদায়নের দাবিতে কয়েক দফায় আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button