
বগুড়া সদরের বাঘোপাড়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার দুজন হলেন রকি ও রাকিব। তাঁদের সঙ্গে গ্রেপ্তার হওয়া আরেকজন কিশোর হওয়ায় তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার রকি একটি সন্ত্রাসী চক্রের প্রধান এবং রাকিব ওই চক্রের দ্বিতীয় নেতৃত্বে ছিলেন। তাঁদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়া নদীর পাড়সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শহরের বাইরে নির্জন ওই জঙ্গলে তাবু টাঙিয়ে আস্তানা গড়ে তুলেছিল পাঁচ থেকে ছয় সদস্যের একটি চক্র। তারা সেখানে মাদক ব্যবসার পাশাপাশি নিরীহ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে পুলিশের দাবি।
ডিবির ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
