
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। তবে এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে।
ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত পোর্টালে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
এরপর শিক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে যে এক বা একাধিক বিষয়ে ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
আবেদনের পর নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা পুনঃনিরীক্ষণ পোর্টালের ‘হেল্প’ অপশনে পাওয়া যাবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর আবেদনটি সম্পন্ন হবে।
একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পরও নতুন কোনো বিষয় পুনঃনিরীক্ষণের জন্য যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার কোনো বিষয়ের ফি পরিশোধ করা হলে সেটি আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।
বোর্ড জানিয়েছে, পুনঃনিরীক্ষণের জন্য কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইন পোর্টালের মাধ্যমেই আবেদন সম্পন্ন করতে হবে।



