বিনোদন

বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস

দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন রকস্টার জেমস। বিয়ের পর নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেছেন নামিয়া। চলতি বছরের জুনে দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান, নাম রাখা হয়েছে জিবরান আনাম।

পুত্রসন্তান জন্মের অনুভূতি জানিয়ে জেমস বলেন, “বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।”

জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে জেমসের সঙ্গে পরিচয় হয় নামিয়ার। সেই পরিচয় থেকেই প্রণয়, এরপর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরের বছর, ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে দিবাগত রাত সাড়ে তিনটায় জন্ম হয় তাদের পুত্র জিবরানের। জন্মের সময় জেমস ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে নবজাতককে নিয়ে দেশে ফেরেন তারা।

নামিয়া আনাম যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।

ব্যক্তিজীবনে এর আগে দুবার বিয়ে করেছেন জেমস। প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি, যাকে তিনি ১৯৯১ সালে বিয়ে করেন এবং ২০০৩ সালে বিচ্ছেদ ঘটে। এরপর ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় ও পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বিয়ে করেন; ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। প্রথম সংসারে জেমসের এক পুত্র ও এক কন্যাসন্তান এবং দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। রথি পরবর্তীতে পুনর্বিবাহ করেন।

তথ্যসূত্র: সারা বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button