আজ দেখা যাবে ইত্যাদি, কখন এবং কোন চ্যানেলে দেখেবন?

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র নতুন পর্ব আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুর এলাকায়।
পর্বটিতে থাকছে দুটি গান। শুরুতেই কুড়িগ্রামের কৃষ্টি ও ইতিহাস নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান পরিবেশিত হবে। গানটির সঙ্গে স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর নৃত্য পরিবেশনা রয়েছে, যার কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।
চিলমারীর ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের গাওয়া বিখ্যাত গান ‘ও কি গাড়িয়াল ভাই’ নতুন করে গেয়েছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী সালমা ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণচন্দ্র রায়। সংগৃহীত কথায় সুর করেছিলেন আব্বাসউদ্দীন আহমদ, আর ইত্যাদির জন্য গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।
এছাড়া কুড়িগ্রাম জেলার ইতিহাস-ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকবে বিভিন্ন প্রতিবেদন—যেমন মহারানী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, বীর প্রতীক তারামন বিবি, মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম ও চিলমারী নদী ইত্যাদি।
ভাওয়াইয়া চর্চা, প্রচার ও নতুন প্রজন্মকে ভাওয়াইয়া সংগীতে প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত প্রখ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মাকে নিয়েও থাকছে একটি প্রতিবেদন।
এছাড়া ইত্যাদির নিয়মিত চিঠিপত্র পর্বের পাশাপাশি থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয়নির্ভর নাট্যাংশ।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।



