বিনোদন

মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি নির্বাহী হাকিম আদালত। রোববার (১৬ নভেম্বর) এ তথ্য জানা যায়।

গত ১০ নভেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য থাকলেও তারা উপস্থিত না হওয়ায় সেদিনই ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরী নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। দীর্ঘ সময় পার হলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় বাদী টাকা চাইলে বারবার সময়ক্ষেপণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকার বিষয়ে কথা বলতে গেলে আসামিরা বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে আসতে বলেন। সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই ও অজ্ঞাতনামা আরও কয়েকজন বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাসার সামনে দেখা গেলে ‘মেরে ফেলার’ হুমকি দেয়। পরে ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ মামলাটি আদালতে করার পরামর্শ দেয়।

ঘটনার পর আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

তথ্যসূত্র: বাংলা নিউজ ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button