বিনোদন
প্রধান খবর

ব্যাংককে শেষ হবে ‘সোলজার’-এর শুটিং, মুক্তির অপেক্ষায় দর্শক

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর কাজ এখন শেষ পর্যায়ে। বাকি অংশের শুটিং সম্পন্ন করতে চলতি মাসেই থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন পরিচালক সাকিব ফাহাদ ও তার টিম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এরই মধ্যে পোস্ট-প্রোডাকশনের প্রস্তুতিও শুরু হয়েছে।

গত বছর প্রকাশিত মোশন পোস্টারে সিনেমাটির গল্পের আভাস পাওয়া যায়। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে অ্যাকশনধর্মী এই চলচ্চিত্র। এতে শাকিব খানকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক লুকে।

সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ আরও অনেকেই। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল ‘সোলজার’-এর শুটিং। শুরুতে চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে সেই সময়সূচি পিছিয়ে যায়। তবে নির্মাতা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই সিনেমাটি দর্শকদের সামনে আনা হবে।

পরিচালক সাকিব ফাহাদ বলেন, “সিনেমাটির কাজ নিখুঁতভাবে শেষ করাই এখন আমাদের মূল লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর-দুই সময়ই মুক্তির জন্য বিবেচনায় রয়েছে।”

তিনি আরও বলেন, “ভালো সিনেমা শুধু উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাওয়া উচিত নয়। সারা বছরই মানসম্মত চলচ্চিত্র মুক্তি পাওয়া প্রয়োজন। দর্শক ও হল মালিকদের প্রত্যাশা মাথায় রেখেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

সব মিলিয়ে ‘সোলজার’ ঘিরে ঢালিউডে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। শাকিব খানের এই অ্যাকশনধর্মী নতুন সিনেমাটি বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন তার ভক্ত-অনুরাগীরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button