আপিল বিভাগে আবেদন করবেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছেন চিত্রনায়িকা নিপুণ।
সোমবার বিকেলে নিপুণের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হবে। আপিল বিভাগের চেম্বার আদালতে মঙ্গলবার আবেদন শুনানির জন্য দাখিলের চেষ্টা করা হবে।
এটি সম্ভব না হলে আবেদনটি বুধবার চেম্বার আদালতে উপস্থাপন করা হবে।
এর আগে শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেয়া এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টে রিট করেন জায়েদ খান।
এর প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।



