বিনোদন

জায়েদ-নিপুণের পদ নিয়ে শুনানি শেষ, আদেশ বুধবার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের দ্বন্দ্বে হাইকোর্টের রুলের ওপর শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে ভার্চুয়ালি এ শুনানি হয়।

বিষয়টি নিশ্চিত করে নিপুণের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘আজ আদালতে শুনানি হয়েছে। আদালত আগামীকাল বুধবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন। তবে আদেশের আগে বুধবার আংশিক শুনানি হতে পারে।’

এর আগে ২৮ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকলেও ওইদিন আদালতে বসেননি। ফলে এ বিষয়ে শুনানিও হয়নি।

এর আগে ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়। প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। পরে জায়েদের বিরুদ্ধে ‘টাকা দিয়ে ভোট কেনা’সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। এমনকি এ পদে পুনরায় ভোটের দাবি তোলেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button