জনপ্রিয় মুখ আমির লিয়াকত আর

পাকিস্তানের জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও রাজনীতিক আমির লিয়াকত আর নেই (ইন্না…রাজেউন)। তিনি পাকিস্তান পার্লামেন্টের সাবেক সদস্য। জিও নিউজ এ খবর দিয়ে বলছে, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের সঙ্গে। করাচিতে খুদাদাদ কলোনির বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। এরপর অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। তিনি বুধবার দিবাগত রাতে বুকে অস্বস্তির কথা জানান। কিন্তু হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান। তার কর্মচারী জাভেদ বলেন, বৃহস্পতিবার ভোরে লিয়াকতের রুম থেকে আর্তনাদের শব্দ শুনতে পান তিনি। এ সময় তিনি ডাকাডাকি করেন।
বিজ্ঞাপনকিন্তু কোনো সাড়া না পেয়ে গৃহকর্মী জাভেদ রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার পাকিস্তানে পার্লামেন্ট অধিবেশন চলছিল। আকস্মিকভাবে স্পিকার রাজা পারভেজ আশরাফ ঘোষণা দেন যে, তিনি একটি খারাপ খবর পেয়েছেন। আমির লিয়াকত হোসেন মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গেই তিনি পার্লামেন্টের কার্যক্রম বন্ধ করে, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত মুলতবি করেন।
ওদিকে তার মৃত্যুর বিষয়ে এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। করাচিতে খুদাদাদ কলোনিতে তার বাড়িতে তল্লাশি চালায় তারা। এসএসপি ইস্ট বলেছেন, কি কারণে তিনি মারা গেছেন তা নিশ্চিত হতে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে। রহস্যজনক কারণে তিনি মারা যাওয়ায় কর্তৃপক্ষ ময়না তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।