বন্যার কবলে পড়া মানুষের পাশে শাকিব খান

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। তাই বিদেশে থেকেও দেশের মানুষের এই দুঃসময়ে এগিয়ে এসেছেন চিত্রনায়ক শাকিব খান। বন্যাকবলিত এলাকাবাসীর জন্য অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন শাকিব খান। সেখানে তিনি লেখেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।
সেই সাথে একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি, যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসী মানুষের সাময়িক সঙ্কট মোকাবেলায়। বন্যাকবলিতদের যেকোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন- skhumanity1@gmail.com।
বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান, আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসী অসহায় মানুষের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। সবার জন্য প্রার্থনা।’




