বিনোদন

মেজর সিনহাকে নিয়ে সিনেমা, শাকিব খানের নতুন চরিত্রে চমক

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন। দেশজুড়ে আলোড়ন তোলা এই ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সিনেমাটিতে মেজর সিনহার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের ‘মেগাস্টার’ শাকিব খান। এটি হলে তার ২৬ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো সেনাবাহিনীর পোশাকে পর্দায় আসা হবে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন এবং দেশে ফিরে সেপ্টেম্বরে শুটিং শুরু করবেন বলে জানা গেছে।

তবে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সরাসরি সেনা কর্মকর্তার নয়, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এক দক্ষ এজেন্টের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে, যিনি দেশের হয়ে লোমহর্ষক অপারেশন পরিচালনা করেন। গল্পে থাকবে সত্য ঘটনা ও নাটকীয়তার মিশ্রণ, যেখানে তুলে ধরা হবে পেশাগত জীবন, রাজনৈতিক প্রেক্ষাপট ও অ্যাকশন দৃশ্য।

পরিচালক সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত এই ছবির জন্য ইতোমধ্যে সরকারি অনুমতি নেওয়া হয়েছে। এতে যুক্ত থাকবেন বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রুরা। শুটিংয়ের বেশিরভাগ অংশ হবে থাইল্যান্ডে। শাকিবের বিপরীতে ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়ার সম্ভাবনা থাকলেও এখনও চূড়ান্ত হয়নি।

পরিচালক জানিয়েছেন, এটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে থাকবে কিছু নাটকীয়তা। দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে এটি হবে শক্তিশালী গল্পের সিনেমা। সেপ্টেম্বরে শুটিং শুরু হয়ে ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। একযোগে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রদর্শিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button