বিনোদন

এবার গানও ছেড়ে দিচ্ছেন তাহসান

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবার গান থেকেও বিদায়ের আভাস দিলেন। দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় ধরে গান, অভিনয় ও উপস্থাপনায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে আসা এই শিল্পী অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে ঘোষণা দেন, এটিই তার শেষ স্টেজ শো।

তাহসান জানান, তার একমাত্র কন্যা আইরা বড় হয়ে উঠছে, তাই এখন আর স্টেজে উঠে আগের মতো পারফর্ম করা তাকে মানায় না। মেয়ে ও পরিবারকে সময় দেওয়ার তাগিদেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরইমধ্যে তিনি সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও ডিঅ্যাকটিভেট করেছেন।

এর আগে অভিনয় থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তাহসান। তিনি বলেছিলেন, দীর্ঘদিন একধরনের কাজ করতে করতে একসময় বিরতি নেওয়া জরুরি হয়ে পড়ে। অভিনয় ও সংগীত থেকে ধীরে ধীরে সরে আসার পেছনে তার শারীরিক সমস্যাও ভূমিকা রেখেছে। কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া রোগে ভুগছেন তিনি, যা গাওয়ার সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করা তাহসান ২০০৪ সালে একক অ্যালবাম কিছু কথা দিয়ে শ্রোতাদের মন জয় করেন। এরপর একক শিল্পী হিসেবে ও ব্যান্ডের সঙ্গে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেন। ‘চোখে চোখে কথা হতো’, ‘ভালোবেসে কেউ ভুল করো না’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’সহ বহু গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে।

যদিও ‘অবসর’ শব্দটি স্পষ্টভাবে উচ্চারণ করেননি তিনি, তবে কনসার্টে দেওয়া বক্তব্য ও সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকে ধারণা করা হচ্ছে, নিয়মিত সংগীত চর্চা থেকে সরে যাচ্ছেন তাহসান খান। তবে তিনি বেছে বেছে কিছু কাজ করতে পারেন বলে ধারণা করছেন ভক্তরা।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button