
অবশেষে খুচরা ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত ০.২০ শতাংশ অগ্রিম কর (এটিএ) প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চূড়ান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
দেশে করজাল সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো খুচরা ব্যবসায়ীদের করের আওতায় আনার প্রস্তাব করা হয়েছিল। এ লক্ষ্যে তাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ অগ্রিম কর আরোপের প্রস্তাব দেন অর্থমন্ত্রী।
তবে ব্যবসায়ী নেতাদের তীব্র আপত্তি ও উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ কর প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যবসায়ী নেতাদের মতে, এ কর বহাল থাকলে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপ পেরিয়ে এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়বে। অতিরিক্ত করের চাপ সামাল দিতে খুচরা বিক্রেতারা পণ্যের মূল্যের সঙ্গে করের অর্থ যোগ করতে বাধ্য হবেন।
এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের ওপরও অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে বলে মনে করছেন তারা।
তথ্যসূত্র: চ্যানেল ২৪