অর্থ ও বানিজ্য
প্রধান খবর

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে বাড়ল প্রায় ১২ টাকা

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ৭৩ টাকা ৯ পয়সা থেকে বেড়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে অটোগ্যাস ও বেসরকারি এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৮০ মার্কিন ডলার এবং বিউটেনের ৭৩০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় এ দুই গ্যাসের গড় সৌদি সিপি দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৭১২ দশমিক ৫০ মার্কিন ডলার।

এই মূল্যকে ভিত্তি করে অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

বিইআরসির নতুন ঘোষণা অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা থেকে অটোগ্যাস ব্যবহারকারীদের প্রতি লিটারে ৮৪ টাকা ৬২ পয়সা দিতে হবে।

এর আগে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা। ফলে নতুন দামে প্রতি লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়ল।

তথ্যসূত্র: বিডি২৪লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button