গাবতলী উপজেলা
প্রধান খবর

বগুড়ায় গভীর রাতে রেললাইনের ফিসপ্লেট খুলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় রেল লাইনের দুটি ফিশপ্লেট খুলে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মেরামত করেছে রেল কর্তৃপক্ষ।

এর আগে বুধবার (১২ নভেম্বর) গভীর রাতের কোনো এক সময় উপজেলার সুখানপুকুর ও সৈয়দ আহমদ ডিগ্রি কলেজের মাঝামাঝি নতুনপাড়া সুকান্তপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে যে লাইনের দুটি ফিশপ্লেট খুলে ফেলা হয়েছে। তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন।

কোনো দুর্ঘটনা ঘটার আগে মেরামত করায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছি আমরা বলে জানান উপসহকারী প্রকৌশলী।

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন বগুড়া রেল ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম।
তিনি জানান, কে বা কারা রাতের আঁধারে লাইনের ফিসপ্লেট খুলে ফেলেছে। খবর পাওয়ার পরপরই রেলের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে ঠিক করা হয়েছে।

এসআই শফিকুল বলেন, এটা নাশকতা হতে পারে, এমন আশঙ্কা ফেলে দেয়া যায় না। কিন্তু কে করেছে সেটা যেহেতু জানা যায়নি, তাই আমরা রেললাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বরত, লাইনম্যানদের সতর্ক থাকতে বলেছি। পাশাপাশি স্টেশন থেকে শুরু করে আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button