গাবতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় হিন্দুপাড়ায় হামলা: ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ার গাবতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় হিন্দু পাড়ায় হামলার অভিযোগে নবনির্বাচিত ইউপি সদস্য জহুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে জহুরুলকে (৫৫) জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
৩১ জানুয়ারি রাতে সোনারায় ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জহুরুলকে
গ্রেফতার করা হয়। তিনি সাবেকপাড়া গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে।
জানা যায়, সোমবার ৬ষ্ঠ ধাপের নির্বাচন শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সোনারায় ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডে দক্ষিণ সাবেক পাড়া এলাকায় দূর্গামাতা মন্দিরের গেট ভাংচুর ও ৫ টি খড়ের পালায় আগুন দেয় দুর্বত্তরা। এলাকাবাসীর দাবি হামলাকারিরা ওই সময় ৩ টি দেশিয় বোমা ককটেল বিষ্ফোরণ ঘটায়।
ঘটনার পরে ওই এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য পদে পরাজিত প্রার্থী উজ্জল কুমার দাস বাদী গাবতলী থানায় মামলা দায়ের করেন৷
গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুই ইউপি সদস্য প্রার্থীর দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।



