স্বাস্থ্য

পেয়ারা কখন খেলে সবচেয়ে উপকার পাওয়া যায়

দামে সস্তা, সহজলভ্য ও পুষ্টিগুণে ভরপুর এমন ফলের তালিকায় শীর্ষে রয়েছে পেয়ারা। কেবল ভিটামিন সি বা ফাইবার নয়, এই ফলটি অ্যান্টিঅক্সিডেন্টেরও এক বিশাল উৎস। প্রতিদিনের খাদ্যতালিকায় একটি পেয়ারা রাখলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ে। তবে সঠিক সময়ে না খেলে এই ফলের উপকারিতা পুরোপুরি পাওয়া যায় না।

চিকিৎসকদের মতে, পেয়ারায় থাকে উচ্চমাত্রার ভিটামিন সি, সঙ্গে ভিটামিন এ, লাইকোপেন, পটাসিয়াম, ফাইবার এবং নানা খনিজ উপাদান। এসব উপাদান শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রাখতে সহায়তা করে।

কখন খেলে সবচেয়ে উপকার পাওয়া যায়:
সকালে ভারী নাশতার পর বা সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে পেয়ারা খাওয়া সবচেয়ে উপকারী। এই সময় ফলটি খেলে শরীরে শক্তি তৈরি হয়, হজম প্রক্রিয়া উন্নত হয় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

ডায়াবেটিস রোগীরাও নির্দ্বিধায় পেয়ারা খেতে পারেন। বিশেষজ্ঞরা বিকেলের দিকে একটি পেয়ারা খাওয়ার পরামর্শ দেন, কারণ এতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

পেয়ারার খোসা ও বীজেই থাকে সবচেয়ে বেশি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, তাই এটি ভালোভাবে ধুয়ে খোসাসহ খাওয়াই শ্রেয়। দাঁত ও মাড়ির স্বাস্থ্যের জন্যও এটি উপকারী। তবে দিনে একটি মাঝারি আকারের পেয়ারা যথেষ্ট—অতিরিক্ত খেলে অতিরিক্ত ফাইবার পেটে অস্বস্তি বা গ্যাসের সমস্যা তৈরি করতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button