স্বাস্থ্য
প্রধান খবর

ডায়াবেটিস রোগীদের জন্য ফলের রস কতটা নিরাপদ? সতর্ক করছেন পুষ্টিবিদরা

ডায়াবেটিসের রোগীরা সব ধরনের ফল নির্বিঘ্নে খেতে পারেন না। রক্তে শর্করার মাত্রা ও ব্যক্তিগত শারীরিক অবস্থার ওপর নির্ভর করে ফল নির্বাচন করা জরুরি। তবে অনেকেই স্বাস্থ্যকর ভেবে সকালের নাশতার সঙ্গে এক গ্লাস ফলের রস পান করেন। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের জন্য এই অভ্যাস গুরুতর ঝুঁকির কারণ হতে পারে।

পুষ্টিবিদরা বলছেন, সম্পূর্ণ ফলের মধ্যে প্রাকৃতিক শর্করার পাশাপাশি থাকে পর্যাপ্ত পানি, ফাইবার এবং নানা উপকারী উদ্ভিজ্জ উপাদান। এই ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ার ঝুঁকি কমে।

কিন্তু ফলের রসের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ ভিন্ন। ফল চিপে রস বানানোর সময় ফাইবার প্রায় সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। এতে রক্তে গ্লুকোজ দ্রুত শোষিত হয় এবং অল্প সময়ের মধ্যেই শর্করার মাত্রা এক লাফে বেড়ে যায়। এ কারণে ফলের রস ও চিনিযুক্ত কোমল পানীয়ের মধ্যে পুষ্টিগত পার্থক্য খুবই কম।

কেন ডায়াবেটিস রোগীদের জন্য ফলের রস ক্ষতিকর

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ফলের রস পান করলে-

  • রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে গিয়ে ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত হয়
  • দীর্ঘমেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে
  • ওজন বৃদ্ধি, লিভার, কিডনি ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে
  • রস তৈরির সময় ফলের ফাইবার নষ্ট হয়, পাশাপাশি ভিটামিন ও খনিজ উপাদানের পরিমাণও কমে যায়

পুষ্টিবিদদের পরামর্শ

ডায়াবেটিস রোগীদের ফল খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। তারা বলছেন-

  • ফলের রস পরিহার করাই সবচেয়ে নিরাপদ
  • সম্ভব হলে ফল সম্পূর্ণ অবস্থায় খেতে হবে
  • পেয়ারা, পেঁপে, আপেল, নাসপাতির মতো ফল পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে
  • চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ ছাড়া নিয়মিত ফলের রস পান না করাই ভালো

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শুধু ওষুধ নয়, বরং সঠিক খাদ্যাভ্যাসই সবচেয়ে বড় ভূমিকা রাখে। সে ক্ষেত্রে ফলের রস নয়, সম্পূর্ণ ফলই হতে পারে নিরাপদ ও স্বাস্থ্যকর পছন্দ।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button