স্বাস্থ্য
প্রধান খবর

৩ মে থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এর আগে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হবে। পরে তা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা করোনাভাইরাস মহামারির চেয়েও কম উদ্বেগজনক নয়।

মন্ত্রী আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশে আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। তাই প্রথম ধাপে তাদের টিকা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে অন্যদেরও টিকার আওতায় আনা হবে।

তিনি অভিযোগ করেন, অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণেই এবার হামের প্রাদুর্ভাব বেড়েছে।

এদিকে রোববার সকাল থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

প্রাথমিক পর্যায়ের টিকাদান কর্মসূচির আওতায় থাকা উপজেলাগুলোর মধ্যে রয়েছে-রাজশাহীর গোদাগাড়ী; ঢাকার নবাবগঞ্জ; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ঝালকাঠির নলছিটি; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; চাঁদপুরের হাইমচর ও সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; পাবনার ঈশ্বরদী সদর, আটঘরিয়া ও বেড়া; নওগাঁর পোরশা; গাজীপুর সদর; নেত্রকোনার আটপাড়া; শরীয়তপুরের জাজিরা; বরগুনা সদর; মাদারীপুর সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট; নাটোর সদর এবং যশোর সদর।

সূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button