স্বাস্থ্য
প্রধান খবর

প্রায় নির্মূল হওয়া হাম আবার দেশে দেশে কেন ফিরছে

বাংলাদেশে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক মাসে সন্দেহজনক হাম রোগে ১৬৬টি শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে হাম পরিস্থিতি এখন অনেকটাই প্রাদুর্ভাবের রূপ নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ সুবিধা প্রস্তুত রাখার কথা জানিয়েছে সরকার।

বিশ্বজুড়েও বাড়ছে সংক্রমণ

শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশেও আবার হাম ফিরে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, টিকাদানের হার কমে যাওয়ায় বিভিন্ন অঞ্চলে হাম পুনরুত্থান ঘটছে।

বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ মহামারির সময় নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড় ধরনের ব্যাঘাত ঘটে। পাশাপাশি কিছু দেশে টিকাবিরোধী প্রচারণা বৃদ্ধি পাওয়াও হাম সংক্রমণ বাড়ার একটি কারণ।

বাংলাদেশে কেন বাড়ছে হাম

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ২০২০ সালের পর নিয়মিত হাম-রুবেলা টিকাদান কর্মসূচি যথাসময়ে না হওয়ায় অনেক শিশু টিকার বাইরে থেকে গেছে। টিকা সরবরাহ ব্যবস্থার দুর্বলতাও বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।

পরিস্থিতি মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যেখানে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

বৈশ্বিক প্রেক্ষাপট

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী ৫৭টি দেশে বড় ধরনের হাম প্রাদুর্ভাব দেখা গেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অন্যান্য অঞ্চলে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দ্য ল্যানসেট-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে হাম রোগ ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমলেও সাম্প্রতিক প্রাদুর্ভাব সেই অগ্রগতিকে হুমকির মুখে ফেলছে।

টিকা কার্যক্রমে ঘাটতির প্রভাব

বিশেষজ্ঞদের মতে, একটি শিশুকে সাধারণত ৯ মাস ও ১৫ মাস বয়সে হাম-রুবেলার টিকা দেওয়া হয়। কিন্তু কোভিডকালীন ব্যাঘাতের কারণে অনেক শিশু নির্ধারিত সময়ে টিকা পায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, বিশ্বজুড়ে হাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে গবেষণা চলছে। ভাইরাসের নতুন ধরন এসেছে কি-না তা নিয়েও পরীক্ষা চলছে, তবে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, কোভিডের সময় তৈরি হওয়া টিকাদান ঘাটতি এখনো পূরণ হয়নি। পাশাপাশি বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় অনেক দেশে টিকা কর্মসূচি ব্যাহত হয়েছে।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশসহ নিম্ন আয়ের দেশগুলোতে হামজনিত মৃত্যু বেশি হচ্ছে, কারণ এসব দেশে স্বাস্থ্যব্যবস্থা ও পুষ্টিগত চ্যালেঞ্জ তুলনামূলক বেশি।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button